খোকার মরদেহ আসবে বৃহস্পতিবার, জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে। পরে তাকে ঢাকার জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। খোকার পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সাদেক হোসেন খোকার শ্যালক শফিউল আজম খান জানান, পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি বলেন, দুই বছর আগে সাদেক হোসেন খোকার বাংলাদেশ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে তিনি মেয়াদ বাড়ানোর আবেদন করেও জবাব পাননি। এখন তার মৃতদেহ ঢাকায় নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা জানান, সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে তার স্ত্রীকে ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হবে। এ নিয়ে কোন সমস্যা হবে না।

দীর্ঘদিন নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার পর সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে সেখানকার একটি হাসপাতালে মারা যান খোকা। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

এরপর তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খোকা ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন।

কিডনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মে মাসে চিকিৎসার জন্য নিউইয়র্কে যান সাদেক হোসেন খোকা। এরপর থেকে গত সাড়ে পাঁচ বছর ধরে থাকছিলেন নিউইয়র্ক সিটির ইস্ট এলমহার্স্ট এলাকার একটি ভাড়া বাসায়। সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন স্ত্রী ইসমত হোসেন।

জাপানের স্কুলের শিশুরা ক্ষীণ দৃষ্টিসম্পন্ন হয়ে যাচ্ছে

জাপানের গবেষকরা জানিয়েছেন যে প্রায় ১০ শতাংশ জুনিয়র হাই স্কুল শিক্ষার্থীরা সম্ভবত মারাত্মক ক্ষীণদৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন যাকে উচ্চ মাইয়োপিয়া বলা হয়।

কেইও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টোকিও’র প্রাথমিক এবং জুনিয়র হাই স্কুলের ১,৪১৬ শিক্ষার্থীর মধ্যে জরিপ চালান।

গবেষকরা দেখেন যে ৭৬.৫ শতাংশ প্রাথমিক এবং ৯৪.৯ শতাংশ জুনিয়র হাই স্কুল শিক্ষার্থী ক্ষীণদৃষ্টিশক্তিসম্পন্ন।

জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৯.৯ শতাংশ উচ্চ মাইয়োপিয়ায় ভুগছেন এবং ১৭ সেন্টিমিটারের বেশি দূরের বস্তু স্পষ্টভাবে দেখতে পারেন না।

উচ্চ মাইয়োপিয়ায় রেটিনার সংযোগ নষ্ট হবার উচ্চ ঝুঁকি রয়েছে এবং রোগটি দৃষ্টিহীনতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

গবেষকরা বলছেন বহির্কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্নদের সংখ্যা বাড়ছে।

বিশেষজ্ঞরা অনুমান করছেন যে সম্ভবত ২০৫০ সালের মধ্যে ৪৮০ কোটি লোক ক্ষীণদৃষ্টির সমস্যায় এবং ৯৪ কোটি লোক উচ্চ মাইয়োপিয়ায় ভুগবেন।

এ ফলাফলে ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশন উদ্বেগ প্রকাশ করেছে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক কাযুও ৎসুবোতা বলেন এটি রাষ্ট্রের দৃষ্টি দেয়ার মত গুরুত্বপূর্ণ বিষয়।