খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আজই আপিল: অ্যাটর্নি জেনারেল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশের বিরুদ্ধে আজই চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ আপিল করবে।

সোমবার দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ কথা জানান।এর কিছুক্ষণ আগে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন আদেশ দেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই দিন থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন স্থগিত হয়ে যায়। তবে গত ১৭ মে জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের এ রায়ের ফলে কারাবন্দি খালেদা জিয়া মুক্তি পাবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু দেশের বিভিন্ন আদালতে নাশকতা ও মানহানির মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে মুক্তি পেতে হলে তাকে এসব মামলায় জামিন পেতে হবে।

এ রকম তিন মামলার মধ্যে দুটিতে সোমবার খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেলেও আরেকটিতে তার জামিন খারিজ হয়ে গেছে। এ কারণে বিএনপি নেত্রীর কারামুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ক্ষতিগ্রস্ত দাইইচি পরমাণু বিদ্যুত কেন্দ্র থেকে জ্বালানি অপসারণের প্রস্তুতি

জাপানের দুর্ঘটনা কবলিত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক কম্পানি, কেন্দ্রটি বাতিল করার লক্ষ্যে পদক্ষেপ হিসেবে এর একটি চুল্লি ভবন থেকে জ্বালানি অপসারণের প্রস্তুতি আরম্ভ করেছে।

টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কম্পানি টেপকো, দু নম্বর পরমাণু চুল্লি ভবনে সোমবার থেকে কাজ আরম্ভ করে। ভবনটির ওপরের তলার এক জলাশয়ে মজুদ ক’রে রাখা ৬শো ১৫টি জ্বালানি রডকে আরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

দু নম্বর চুল্লিটি হচ্ছে ২০১১ সালে এই বিদ্যুত কেন্দ্রে মেল্টডাউনের দুর্ঘটনা কবলিত তিনটি পরমাণু চুল্লির অন্যতম। ভবনটির ভেতরে তেজস্ক্রিয়তার মাত্রা এখনো বেশি।

টেপকো এই ভবনের দেওয়ালে প্রস্থে ৫ মিটার ও ৭ মিটার দৈর্ঘ্যের একটি গর্ত তৈরি করবে ভেতরে রোবোট পাঠিয়ে তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপের জন্য।

এই দেওয়াল ২৯টি ব্লকে বিভক্ত। প্রত্যেকটিতে হ্যান্ডেল লাগানো আছে যাতে সেগুলো টেনে খুলে আনা যায়। টেপকোর কর্মকর্তারা চুল্লি ভবন থেকে কিছুটা দূরে পরিচালনা কক্ষের ব্লক খোলার জন্য দূর নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করেন।

এই কাজ আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।