কুমিল্লার মামলায় শোন অ্যারেস্ট খালেদা জিয়া

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা মেরে আটজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। কুমিল্লার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাল রাষ্ট্রপক্ষের আবেদনে পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার এ আদেশ দেন। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা একই দিন এই মামলায় তার জামিনের আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত। জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ার পর প্রায় দুই মাস ধরে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ সেই জামিন ৮ মে পর্যন্ত স্থগিত রেখেছে। এখন কুমিল্লার মামলায় গ্রেপ্তার দেখানোয় মুক্তি পেতে হলে খালেদা জিয়াকে এ মামলায়ও জামিন পেতে হবে। বিএনপির ডাকে টানা হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলা হলে দগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার পর দিন মামলা দায়ের করেন। তদন্ত শেষে বিস্ফোরক আইনে ও হত্যার অভিযোগে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। দুই মামলাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়। ওই অভিযোগপত্র গ্রহণ করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে ঢাকার দুর্নীতি মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ায় কুমিল্লার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালত ওই আবেদন গ্রহণ করে ২৮ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির করার নির্দেশ দেন। কিন্তু কারা কর্তৃপক্ষ সেদিন তাকে হাজির না করায় বিচারক গত ৩১ মার্চ কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী গতকাল রবিবার কারা কর্তৃপক্ষ আদালতকে জানায়, বিএনপি নেত্রী কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি। খালেদার আইনজীবী কাইয়ুমুল হক রিংকু জানান, আদালত এ মামলায় বিএনপি নেত্রীকে গ্রেপ্তার দেখানোর পর তারা জামিনের আবেদন করলে বিচারক শুনানির জন্য ১০ এপ্রিল দিন ঠিক করে দেন।

জাপানে রেকর্ড সংখ্যক লোকের দ্বিতীয় একটি কাজ রয়েছে

জাপানে চাকুরিদাতার সংখ্যার সাথে ফ্রিল্যান্স কর্মীদের সংখ্যা মিলিয়ে দেখার কাজে নিয়োজিত একটি কোম্পানির অনুমিত হিসাব অনুযায়ী দেশটিতে ৭৪ লক্ষ ৪০ হাজার লোকের এখন দ্বিতীয় একটি কাজ রয়েছে।

এরকম ব্যক্তির সংখ্যা তিন বছর আগের হিসাব থেকে বর্তমানে আরও ২১ লক্ষ ১০ হাজার বৃদ্ধি পেয়েছে।

ফেব্রুয়ারি মাসে ল্যান্সারস নামক একটি প্রতিষ্ঠান ৩ হাজারেরও বেশি ব্যক্তির উপর এই জরিপ চালায়।

প্রতিষ্ঠানটির অনুমিত হিসাব অনুযায়ী ১৬ লক্ষ ৫০ হাজার ব্যক্তি দ্বিতীয় কাজ হিসেবে অনলাইনে প্রবন্ধ লিখে থাকেন অথবা উপাত্ত যুক্ত করেন। অন্যদিকে, ১৩ লক্ষ ৭০ হাজার ব্যক্তি বিক্রয় বা পরিকল্পনার কাজের সংগে সংযুক্ত রয়েছেন।

উল্লেখ্য, কাজের পদ্ধতি সংস্কার পদক্ষেপের অংশ হিসেবে বর্তমানে জাপান সরকার কোম্পানিগুলোকে তাদের কর্মীদের দ্বিতীয় একটি কাজ করার সুযোগ দেয়ার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছে।