মাথাপিছু আয় এখন ১৭৫২ ডলার

চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ ডলার, যা আগের অর্থবছরে ছিল এক হাজার ৬১০ ডলার। এতে আগের বছরের চেয়ে আয় বাড়ল ১৪২ ডলার।
এ ছাড়া চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ, যা গত বছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৪ শতাংশ।
চলতি অর্থবছরের এই প্রাথমিক হিসাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি ভবনের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

২০১৯ সালের জি২০ শীর্ষ সম্মেলন ওসাকায় ২৮ জুন শুরু

জাপান সরকার ওসাকায় অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বছরের গ্রুপ অব ২০ শীর্ষ সম্মেলনের সময়সূচী স্থির করেছে এবং জাপানে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের বৈঠকগুলোর স্থান নির্ধারণ করেছে।

চীফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সোমবার ঘোষণা দেন যে ২-দিনব্যাপী জি২০ শীর্ষ সম্মেলন আগামী বছর ২৮শে জুন ওসাকায় শুরু হবে।

এটা হবে জাপানে অনুষ্ঠিত প্রথম জি২০ শীর্ষ সম্মেলন।

জি২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য সরকার ৮ টি মিউনিসিপিলিটি নির্বাচন করেছে।

উত্তর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে মিউনিসিপিলিটিগুলোর দিকে নজর দেওয়া যাক: পর্যটন মন্ত্রীদের বৈঠকস্থল হবে হোক্কাইদোর কুচ্চান শহর; ইবারাকি জেলার সুকুবা শহরে অনুষ্ঠিত হবে বাণিজ্য এবং ডিজিটাল অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠক; নিইগাতা শহরে অনুষ্ঠিত হবে কৃষি মন্ত্রীদের বৈঠক; এবং নাগানো জেলার কারুইযাওয়া শহরে অনুষ্ঠিত হবে টেকসই প্রবৃদ্ধির জন্য বৈশ্বিক পরিবেশ এবং শক্তি রূপান্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠক করবেন আইচি জেলায়; স্বাস্থ্য মন্ত্রীরা ওকাইয়ামা শহরে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীরা মাৎসুইয়ামা শহরে; এবং অর্থমন্ত্রীরা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা বৈঠক করবেন ফুকুওকা শহরে।