‘বিশ্বে’র সবচেয়ে লম্বা মানুষ নিয়ে হৈচৈ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এসে তিনি দেখা করেন। জানা গেছে, প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
জিন্নাত আলীকে সংসদ ভবনে নিয়ে আসেন কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল। তাকে সংসদে নিয়ে আসার সঙ্গে সঙ্গে হৈচৈ পড়ে যায়। তিনি যেখানেই যাচ্ছিলেন মানুষ তাকে ঘিরে ধরছিলেন। এমনকি তাকে একনজর দেখতে ভিড় করেন সংসদ সদস্যরাও।
হাসপাতালের নথিতে জিন্নাতের উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি উল্লেখ করা হয়েছে।  তবে  দাবি করা হচ্ছে, জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। যদি এমনটি হয় তাহলে তিনি হলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মানুষ। কারণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ হলেন তুরস্কের সুলতান কশেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি।
জিন্নাত আলী বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিল গ্রামের জিন্নাতের বাড়ি। বৃদ্ধ বাবা আমীর হামজার এক মেয়ে, তিন ছেলের মধ্যে তৃতীয় তিনি। ১২ বছর বয়স থেকেই দ্রুত তার উচ্চতা বাড়তে থাকে।

শিনকানসেনে নতুন প্রযুক্তি

জাপানের একটি রেল কোম্পানি নতুন এক প্রযুক্তি উন্মোচন করেছে যার ফলে দুর্যোগের সময় ওপর দিয়ে যাওয়া লাইনে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে গেলেও শিনকানসেন বুলেট ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

মধ্য জাপান রেলওয়ে কোম্পানি বা জে আর তোকাই বুধবার তাদের নতুন এন-৭০০-এস শ্রেণীর শিনকানসেন ট্রেনের জন্য এই ব্যবস্থা প্রচলনের লক্ষ্যে একটি ভিডিও প্রকাশ করেছে। ২০২০ আর্থিক বছরে এই সেবা বাস্তবায়নের উদ্দেশ্যে কোম্পানি গত মার্চ মাস থেকে ওই শ্রেণীর ট্রেনের পরীক্ষা চালিয়ে আসছে।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলে নতুন এই ট্রেন লিথিয়াম আয়ন ব্যাটারির সাহায্যে চলাচল করতে পারবে এবং ঘন্টায় প্রায় ৩০ কিলোমিটারের নিরাপদ এক গতিতে নেমে আসতে পারবে। দ্রুতগামী ট্রেনের জন্য এই ধরনের ব্যবস্থা হল বিশ্বে প্রথম।

বিভিন্ন ধরনের এন-৭০০-এস শ্রেণীর শিনকানসেন ট্রেন চলতে দেখতে পাওয়া যাবে। সাধারণ ১৬ বগীর ট্রেন ছাড়াও ৮ বগীর ট্রেন বা ট্রেনের অন্যান্য বিন্যাস দেখা যাবে।

কোম্পানি আশা করছে যে বিদেশে রেলওয়ে প্লাটফর্মের আয়তন এবং যাত্রীর সংখ্যায় পার্থক্য থাকায় বিদেশী রেলওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠানসহ অন্যান্যরাও নতুন এই ধারা ব্যবহার করতে পারবে।