জাপানে টাইফুনের আঘাত

জাপানের ভয়াবহ বন্যার পর শুক্রবার আবার বড় ধরনের সামুদ্রিক ঝড় বা শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। সেখানকার যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, টাইফুন সিমারন বৃহস্পতিবার রাতে জাপানি দ্বীপপুঞ্জে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। গত ৪৮ ঘণ্টায় সেখানে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মুষলধারে বৃষ্টি ছাড়াও বন্যায় রাস্তা ডুবে গেছে, ঘরবাড়ির অবকাঠামো ভেঙে গেছে। বাতাসে লরি উল্টে গেছে। প্রচন্ড ঝড়ের কারণে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বুলেট ট্রেনও সাময়িকভাবে বন্ধ। জাপানের আগুন ও বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর বলছে, টাইফুনে ১৩ জন আহত। অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। আবহাওয়া দপ্তরের প্রধান রুতা কুরোরা সেখানকার বাসিন্দাদের ভূমিধস, বন্যা ও জলোচ্ছ¡াস থেকে সতর্ক করে দিয়েছেন। এনএইচকে।

বিএনপি একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় এড়াতে পারেনা

একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বহু লেনবিশিষ্ট সড়ক ট্যানেল নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনাই হামলাকারীদের প্রধান টার্গেট ছিল- উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা এই কিলিংয়ের টার্গেট ছিল। সারা দেশ জানে বিএনপির সরকার তখন ক্ষমতায়। হাওয়া ভবনের পরিকল্পনায়, ডিজাইনে এটা হয়েছে। এগুলো এখন আর কোনো গোপন বিষয় নয়।
আইভি রহমানসহ ২৪ প্রাণের প্রদীপ নিভে গেছে। শেখ হাসিনার ওপর আল্লাহর অশেষ রহমত ছিল বলে বেঁচে গেছেন। এই বর্বর হত্যাকাণ্ডের রায় হতে যাচ্ছে। রায় কী হবে, কারা এতে জড়িত- সেটা বিচারালয় সিদ্ধান্ত নেবেন। আদালত রায় দেবেন, এখানে আমাদের কোনো হাত নেই। আদালত স্বাধীন। মন্ত্রী আরও বলেন, এই ঘটনাটির নীলনকশাকারী বিএনপি। সেই অবস্থায় আমরা বলতেই পারি, বিএনপি এর দায় এড়াতে পারে না। আমরা আশা করব, রায় বাস্তবতার নিরিখেই হবে। যা ঘটেছে সেই নিরিখেই বিচার বিভাগ স্বাধীনভাবে এই রায় দেবে। এবং সেজন্যই আমি বলেছি, বিএনপির অনেক নেতার জড়িত হওয়ার আশঙ্কা আছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।