উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করতে আবের অঙ্গীকার

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, আসন্ন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া শীর্ষ বৈঠককে উত্তর কোরিয়া বিষয়ক সমস্যা সমাধানে অগ্রগতি অর্জনের লক্ষ্যে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহযোগিতা করে যাবেন বলে জানিয়েছেন।

আজ মিঃ আবে, পশ্চিম জাপানের ওৎসু শহরে প্রদত্ত এক বক্তৃতায় উক্ত মন্তব্য করেন।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ১২ই জুন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হবেন বলে ঘোষণা করেন।

মিঃ আবে, জাপান কখনোই পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়াকে মেনে নিতে পারে না বলে উল্লেখ করেন। তিনি, উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় নিয়ে টোকিও আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্ব দিয়ে আসছে বলে জানান।

মিঃ আবে, আগামী বুধবার ওয়াশিংটনে মিঃ ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলেও জানান।

তিনি, আসন্ন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া শীর্ষ বৈঠককে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং উত্তর কোরীয় গুপ্তচরদের হাতে জাপানি নাগরিক অপহরণ সমস্যা সমাধানে অগ্রগতি অর্জনের লক্ষ্যে একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভারতের হিমাচলে জাপানি নারীকে ধর্ষণের অভিযোগ

ভারতের হিমাচল প্রদেশের কুলু জেলায় জাপানি নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেপ্তারর করা হয়েছে। তবে এ ঘটনার পর কুলুর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে।
হিমাচল প্রদেশের পুলিশের কাছে ৩০ বছরের নির্যাতিতা ওই জাপানি নারীর দাবি, গত ২৯ মে কাজা থেকে মানালিতে এসেছিলেন তিনি। পরের দিন ধর্মশালায় যাওয়ার বাস ধরতে না পারায়, দীপক নামের এক ট্যাক্সি ড্রাইভার তাকে কুলু পর্যন্ত ট্যাক্সিতে নিয়ে গিয়ে বাস ধরিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিল।
জাপানি ওই নারী আরো দাবি করেছেন, ট্যাক্সি করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে দীপক তাকে ধর্ষণ করে। পরে মানালিতে নিয়ে এসে, তাকে ফেলে চম্পট দেয়। অভিযোগের ভিত্তিতে দীপক নামের ওই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। হিন্দুস্তান টাইমস।