খালেদা জিয়ার ৫ বছরের জেল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজধানীর পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ অস্থায়ী আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আলোচিত এ মামলায় ৬৩২ পৃষ্ঠার রায় ঘোষণা করেন। এর আগে কড়া নিরাপত্তা ও দলীয় নেতাকর্মীদের প্রহরায় দুপুরের পর আদালতে পৌঁছান খালেদা জিয়া। তার আসার পথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।
গত ২৬শে জানুয়ারি এই মামলার বিচারিক কার্যক্রমের শেষ ধাপ যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালতের বিচারক। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালে রাজধানীর রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা দায়ের করে।

জাপানের প্রিন্সেস মাকোর বিয়ে স্থগিত

সম্রাট আকিহিতোর বড় নাতনী জাপানের প্রিন্সেস মাকো ও তার কলেজ বন্ধুর বিয়ে ‘প্রয়োজনীয় প্রস্তুতির’ অভাব থাকায় ২০২০ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এক রিপোর্টে একথা বলা হয়েছে। খবর এএফপি’র।
২৬ বছর বয়সী মাকো ও কেই কমোরো গত মাসে এক প্রথাগত কোর্ট অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন করেন। তাদের ৪ নভেম্বর বিয়ের কথা ছিলো। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন ‘পর্যাপ্ত প্রস্তুতির’ জন্য তাদের আরো অনেকটা সময় দরকার। মাকো জিলি প্রেসকে তার এক বিবৃতিকে একথা জানিয়েছে। এএফপি