জাপানে বার্ষিক বেতন বৃদ্ধির আলোচনা শুরু

কম্পানিসমূহের ভাল উপার্জন ও মুনাফার প্রেক্ষাপটে কর্মীদের বেতন আরও বেশি হারে বৃদ্ধি করতে ম্যানেজাররা রাজি হন কি না, সেদিকে দৃষ্টি রেখে জাপানের ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়ানের নেতৃবৃন্দ বেতন বৃদ্ধির বার্ষিক দরকষাকষি আরম্ভ করেছেন।

জাপান ব্যবসা ফেডারেশন বা কেইদানরেন সোমবার থেকে রেংগো বা জাপানের শ্রমিক ইউনিয়ান কনফেডারেশনের সাথে আলোচনা শুরু করেছে।

এই আলোচনায় কেইদানরেনের চেয়ারম্যান সাদাইউকি সাকাকিবারা এবং রেংগো’র প্রেসিডেন্ট রিকিও কোযু তাঁদের মৌলিক নীতিকৌশলের সমন্বয় সাধন ক’রে নেবেন।

কেইদানরেনের কর্মকর্তারা ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি জানানোর লক্ষ্যমাত্রা স্থির করেছেন। এটি করা হয়েছে দেশকে মুদ্রাসংকোচনের আবর্ত থেকে বের ক’রে আনার প্রধানমন্ত্রী শিনযো আবে’র আহ্বানে সাড়া দিয়ে।

ওদিকে রেংগো’ও, বড় বড় কম্পানিতে পূর্ণকালীন বেতনভোগী কর্মীদের সাথে আয় ব্যবধান কমিয়ে আনার জন্য, অস্থায়ী কর্মী এবং ছোটখাট কম্পানির কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ম্যানেজারদের আহ্বান জানাবে। রেংগোর অন্যান্য মুখ্য দাবি’র মধ্যে ওভারটাইম কমানোর লক্ষ্যে কর্মস্থলের সংস্কার অন্তর্ভূক্ত।
বেতন বৃদ্ধির দরকষাকষি তুঙ্গে পৌঁছাবে মার্চ মাসে।

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি
আজই স্পিকারের কাছে চিঠি কাল সিইসির সাক্ষাৎ
বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী আজ মঙ্গলবার থেকে শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা। ওইদিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে অর্থাৎ ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে চার কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিবকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজই স্পিকারের কাছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের আইনি ও সাংবিধানিক দিকগুলো তুলে ধরে চিঠি পাঠাবে ইসি। আর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আগামীকাল বুধবার বিকাল ৩টায় সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ ইত্তেফাককে বলেন, সংবিধান অনুসারে মঙ্গলবার থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। আগামী একমাসের মধ্যে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সেইভাবে প্রস্তুত হচ্ছে কমিশন।
২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী নব্বই হতে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।’ আইনজ্ঞরা বলছেন, মেয়াদ পূরণের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে বলতে প্রথম ৩০ দিনকে বোঝাবে। নির্বাচন কমিশনও তাই মনে করে।
সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান থাকায় সংসদের চলতি ১৯তম অধিবেশনের মধ্যেই এ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অধিবেশনটি চলার সিদ্ধান্ত রয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, গতবারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে যাচ্ছে। সংসদে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে অন্যকোন দল থেকে প্রার্থী মনোনয়ন দেয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্ষমতাসীন দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এ নির্বাচনে ভোট গ্রহণ হয় প্রকাশ্যে। দলের সিদ্ধান্তের বাইরে গোপনে অন্য দলের প্রার্থীকে ভোট সুযোগ সংসদ সদস্যদের (এ নির্বাচনের ভোটার) নেই।
সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে কারো বয়স ৩৫ বছরের নিচে হলে, সংসদ সদস্য নির্বাচনের যোগ্য না হলে এবং সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হলে তিনি অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনী আইন অনুসারে সংসদ সদস্যরা প্রস্তাবক ও সমর্থক না হলে কেউ প্রার্থী হতে পারবেন না।